আমার আমি

আকাশটা এক্কেবারে কালো হয়ে ঝড় এল ।
ঝড়ের দাপটে পাশের আমগাছটা যখন ডালপালা নাড়ায়, আমার মনে হয়, গাছটা বুঝি হাতছানি দিয়ে আমাকেই ডাকছে, একেবারে দু’ হাত বাড়িয়ে । নিশির ডাকের মতোই বড় অমোঘ সে ডাক । কিছুতেই সেই হাতছানিকে এড়ানো যায় না ।
আমি তৈরি হচ্ছি । ঝড়টা একটু ক’মে গিয়ে ঝেঁপে বৃষ্টি নামলেই, আম কুড়োতে যাবো ।

**********
আআহ্হহহ্‌ !!
এই তো গায়ে বৃষ্টির ফোঁটা পড়ল !
ঝড় কমেছে, এবার শুধুই বৃষ্টি ......
তার মানে, এবার এক্কেবারে এক দৌড়ে গাছতলা !
বেরোতে যাবো, এমন সময় শুনলাম,
কেউ আমায় ডাকছে ।
ঘাড় ঘুরিয়ে দেখলাম । আমার ছেলে ।
-"তুমি কী গো, বাবা ! দেখছ না, ঝড় উঠেছে ? জানালাগুলো বন্ধ করবে তো !"     

একবার ফিরে তাকালাম ।
আমগাছটা এখনও ডালপালা নাড়াচ্ছে ।
এবারে, হয়তো, আমাকে বিদায় জানাতেই !

Comments